প্রিন্ট এর তারিখঃ Nov 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2026 ইং
ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র আরিফ হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আসামিপক্ষের ডিভিশন আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, বিকাল ৩টা ৫০ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ইকবাল সোবহান চৌধুরীকে হেলমেট, হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতের কাঠগড়ায় আনা হয়। পরে আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পান তিনি। বিকেল ৪টা ১ মিনিটে বিচারক এজলাসে উঠলে শুনানি শুরু হয়।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী চৌধুরী মোহাম্মদ গালিব রাগীব জামিন আবেদন না করে বলেন, ‘তিনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও বয়োবৃদ্ধ ব্যক্তি। শারীরিক অসুস্থতা ও সামাজিক অবস্থান বিবেচনায় তাঁকে কারাগারে ডিভিশন (বিশেষ সুবিধা) দেওয়ার আবেদন জানাচ্ছি।’
এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ‘আসামি বিগত সরকারের অন্যতম প্রধান সহযোগী ছিলেন। পদ-পদবি ব্যবহার করে অনৈতিক সুবিধা ও টিভির লাইসেন্স বাণিজ্য করেছেন। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে শেখ হাসিনার পক্ষে বয়ান তৈরি করেছেন তিনি। কোনো মন্ত্রী বা এমপি না হওয়ায় তিনি ডিভিশন পেতে পারেন না।’
উভয় পক্ষের যুক্তি শুনে বিচারক নির্দেশ দেন, জেল কোড অনুযায়ী তিনি যে সুবিধার প্রাপ্যতা রাখেন, ঠিক সেটাই পাবেন। আদেশে তা লিখে দেওয়া হবে।
এর আগে গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মহাখালীর ডিবিসি নিউজ কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। একই সময় চ্যানেলের প্রধান অপরাধবিষয়ক প্রতিবেদক রাজীব ঘোষকেও নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় আন্দোলনকালে ১৮ বছর বয়সী মাদ্রাসাছাত্র মোহাম্মদ আরিফ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২৬ আগস্ট তার বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৩৩ জনকে আসামি করে মামলা করেন। এই মামলার ৫৩ নম্বর এজাহারনামীয় আসামি ইকবাল সোবহান চৌধুরী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট